আপনাদের স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য, বললেন মোদী
দি নিউজ লায়ন ; বাংলার উন্নয়নের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন দিদি। উনি বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। বাংলার মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছেন। পশ্চিমবঙ্গের খড়গপুরের সভায় দাঁড়িয়ে এভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ১০ বছরে বাংলাকে ধ্বংস করে দিয়েছেন মমতা। লুঠতরাজের সরকার চালিয়েছেন।
১০ বছর ধরে বাংলায় দুর্নীতি দিয়েছেন আর কুশাসন দিয়েছেন। আমাদের পাঁচ বছর সময় দিন। আমরা ৭০ বছরের ক্ষতি পুষিয়ে দেবো। আপনাদের কল্যানে প্রাণপাত করে দেবো। বাংলার দিকে দিকে মানুষের ভীড় বুঝিয়ে দিচ্ছে, এবার বাংলায় বিজেপি সরকার আসছে। এদিন মোদী বাংলার জনতার উদ্দেশ্যে বলেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূলকে বছরের পর বছর ধরে সহ্য করেছেন আপনারা। দিদি তুষ্টিকরণের রাজনীতি করে এসেছেন বারবার।
বাংলার যুব সমাজের কাছে থেকে ১০ বছর কেড়ে নিয়েছেন দিদি। দিদির দল নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালায় সিলেবাস কাটমানি। দিদির পাঠশালায় সিলেবাস তোলাবাজি। দিদির পাঠশালায় সিলেবাস সিন্ডিকেট। দিদির পাঠশালায় উতপীড়ন এবং অরাজকতার ট্রেনিং দেওয়া হয়। কাল রাতে ৫০-৫৫ মিনিটের জন্য হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ডাউন হয়ে গিয়েছিলো। আপনারা দুঃশ্চিন্তায় পড়েছিলেন। বাংলায় তো ৫০-৫৫ বছর ধরে উন্নতিই আটকে রয়েছে।
মোদী এদিন মমতাকে কটাক্ষ করে বলেন, দিদি এখন বলে বেড়াচ্ছেন, ‘খেলা হবে’। কিন্ত গোটা বাংলা বলছে খেলা শেষ হবে। উন্নয়ন শুরু হবে। দিদির কাছ থেকে ১০ বছরের হিসাব চাইছেন বাংলার মানুষ। কিন্ত দিদি জবাব দেওয়ার পরিবর্তে অত্যাচার চালাচ্ছেন। বাংলায় শুধু সিঙ্গল উইন্ডো ভাইপো । তাকে এড়িয়ে বাংলায় কিছু হওয়ার জো নেই।
গত ১০ বছরে তৃণমূল বাংলায় রোজগারের সমস্ত সম্ভাবনার রাস্তা বন্ধ করে দিয়েছে। সিন্ডিকেট রাজের জন্য বাংলায় শিল্প আসেনি। এখানে শুধু একটাই ব্যাবসা, মাফিয়া ব্যাবসা। বিজেপি বাংলায় এলে এসবের বিচার হবে। গত পঞ্চায়েত নির্বাচনে বাংলায় মানুষের ভোটাধিকারকে পিষে দেওয়া হয়েছিলো। আমি কথা দিচ্ছি, দিদিকে আর গণতন্ত্র পদলিত করতে দেবো না। আপনাদের স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য।

Post a Comment